সাভারে খোরশেদ আলমের অর্থায়নে ৪৭ পূজামণ্ডপে নগদ অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌরসভার ৪৭টি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান বিতরণ করা হয়েছে। সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলমের অর্থায়নে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে সাভার পৌরসভার পঞ্চবটী আশ্রম এলাকায় পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

অনুষ্ঠানে সাভার পৌরসভার ৪৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সাভারে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজাও সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা হবে। পূজার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *