Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

সাভার প্রতিদিন ডেস্ক: সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে দিবাগত সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
গ্রেফতাররা হলেন, সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের লালটেক এলাকার শেখ জালালের ছেলে শেখ তুহিন (৩২), আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মানিকগঞ্জের সিংগাইর থানার কামুরা এলাকার মহিউদ্দিনের ছেলে মো. আকাশ (৩৯), রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার বাবুল খানের ছেলে রাজু খান (৩৯), ঝালকাঠি সদর থানার নইআড়ি এলাকার আসমত আলী খানের ছেলে আনোয়ার হোসেন (৫০), সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার শফি মোল্লার ছেলে রুহুল আমিন রাজিব (৩৮), গাইবান্ধার সাঘাটা থানার বেড়াগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪), মাদারীপুরের শিবচর থানার চরচন্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আলী (৩৬) এবং মানিকগঞ্জ সদর থানার শিবালী পাড়া এলাকার আজাদ মোল্লার ছেলে মুরাদ হোসেন (৪৫)।পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
তারা সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিলেন। এ সময় তাদের কাছ থেকে এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ড, ঝটিকা মিছিল কিংবা নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না। সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।