Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh
Physical Address
Dogormura, Savar, Dhaka, Bangladesh

স্টাফ রিপোর্টার:
সাভারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও এক আসামি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ১০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মো. রায়হান (২০), মো. মিরাজুল ইসলাম (২২), মো. রাজিব ইসলাম (২৬) ও মো. পারভেজ (২৩)।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. অমিত হাসান মোল্লা (২৪) নামে আরও এক আসামি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের দাবি, অমিতের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাভারের বেদেপাড়া এলাকায় অমিত হাসানের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।